ডিজিটাল অপরাধ নিরলসভাবে কাজ করছে ১৮ এপিবিএন: অধিনায়ক রেজাউল
- আপডেট: ০৬:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
১৮ আর্মড পুলিশ (এপিবিএন) ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, জনগণের নিরাপত্তা প্রদান এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার হয়রানি বা অর্থ খরচ ছাড়াই নাগরিকদের এই সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
বুধবার (১১ নভেম্বর) রাঙামাটি সাইবার ক্রাইম সেল কর্তৃক অক্টোবর মাসের উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশে ভুল বশত চলে যাওয়া টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, ১৮ এপিবিএন ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অক্টোবর মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮টি মোবাইল ফোন, বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া ৪৩ হাজার ৭০০ টাকা এবং দীর্ঘ দিন নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, উদ্ধারকৃত টাকা ও মোবাইল প্রকৃত মালিকদের কাছে এবং শিশুটিকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রকৃত মালিকরা তাদের হারানো মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এ কে এম আলিনূর হোসেন, সহকারি পুলিশ সুপার-সহ পুলিশ পরিদর্শকরা ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা।



















