‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন সানজানা জেবিন ছোঁয়া
- আপডেট: ১০:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রবর্তিত মর্যাদাপূর্ণ ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ অর্জন করেছেন সানজানা জেবিন ছোঁয়া। বিভাগের অনার্স ফাইনাল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাঁকে একটি সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনার্স ফাইনাল পরীক্ষায় মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কারে ভূষিত করা হয়। সানজানা জেবিন ছোঁয়া অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে ৫ম স্থান অধিকার করেছিলেন এবং বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম পরামর্শক, লেখক ও সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক সিতারা পারভীন ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং বিভাগেরই সাবেক অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী। ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তাঁরই স্মরণে পরিবারের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এই পুরস্কার চালু করা হয়।



















