কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ একজনের মৃত্যু
- আপডেট: ০৫:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ১৮০২৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ০১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্রসহ ১৯ জন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন ডাকাত নিহত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কক্সবাজারের কলাতলী সমুদ্র এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ফিশিং বোটে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দুটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে তারা সংকেত অমান্য করে আলো নিভিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা বোট দুটিকে ধাওয়া করলে একটি বোট পালিয়ে যায়। অপর বোট থেকে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়া হলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলের সদস্য মো. আনিস (৪০) গুলিবিদ্ধ হয়।
পরে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়ার পর কোস্ট গার্ড অভিযানে একটি বোট আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ ও ১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৯ জন ডাকাত সদস্যকে আটক করা হয়।
গুলিবিদ্ধ ডাকাত সদস্য মো. আনিসকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জব্দকৃত আলামতসহ আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও সমুদ্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















