আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে ইইউ আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ
- আপডেট: ০৭:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৪২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের নতুন আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টা মিস্টার রুবেন রুইজ ক্যাডনোসা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) আনসার-ভিডিপি সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে মহাপরিচালক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা তুলে ধরেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরেন মিস্টার ক্যাডনোসা।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ এবং উপমহাপরিচালক (অপারেশন্স) মো. সাইফুল্লাহ রাসেল।




















