৩২ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ৮ বিভাগে পদায়ন
- আপডেট: ০৮:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেশের আট বিভাগে পদায়ন করা হয়েছে। ভোটগ্রহণের আগে ও পরে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার উপসচিব মোহাম্মদ নুর এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী এসব কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী নির্ধারিত অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও তাঁদের দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ৪ জন করে, বরিশাল ও রংপুর বিভাগে ৩ জন করে, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার নিজ নিজ বিভাগের চাহিদার ভিত্তিতে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব বণ্টন করবেন। দায়িত্ব পাওয়ার পর তাদের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং কর্মকর্তার কাছে যোগদান ও প্রতিবেদন করতে হবে।
মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়মিত অবহিত রাখতে হবে। পাশাপাশি প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

















