জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক, একজনকে জিজ্ঞাসাবাদ, ডিভাইস জব্দ: ডিএমপি
- আপডেট: ১০:০৮:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমিরের এক্স (সাবেক টুইটার) আইডি হ্যাক হওয়ার ঘটনায় একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়,সম্প্রতি এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ার আলম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়।
পরে তাঁর কর্মস্থল থেকে ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এক্স আইডি হ্যাক–সংক্রান্ত বিষয়টি যাচাই করতে জব্দ করা আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞ মতামত গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অহেতুক বিভ্রান্তি না ছড়ানোর জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

















