সেনা অভিযান:বাড্ডা ও যাত্রাবাড়ীতে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
- আপডেট: ০১:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, উত্তর বাড্ডা এলাকায় পরিচালিত অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে একজনকে আটক করা হয়েছে।
অপরদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
আইএসপিআর আরও জানায়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















