সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আনসারের ১,১৯১ স্ট্রাইকিং টিম মোতায়েন
- আপডেট: ০৭:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সারাদেশে নির্বাচনী নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে মাঠপর্যায়ে ১,১৯১টি সশস্ত্র স্ট্রাইকিং টিম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,সারাদেশের মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার ভোটকেন্দ্রসমূহকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় দেশের প্রতিটি উপজেলায় ২টি করে এবং প্রতিটি জেলায় ১টি করে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। এসব টিমের কার্যক্রম জেলা কার্যালয়,রেঞ্জ কার্যালয় ও সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক ডিজিটাল কাঠামোর আওতায় ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি স্ট্রাইকিং টিমের একজন সদস্য রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন, যা দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় নিশ্চিত করছে।
আনসার ভিডিপি সদর দপ্তর জানায়,নির্বাচন-পূর্ব,নির্বাচনের দিন এবং নির্বাচন-পরবর্তী সময়—এই তিন ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং টিমের সদস্যরা মাঠে সক্রিয় থাকবেন। নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত যেকোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত থাকবে।
সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম জেলা ও উপজেলা প্রশাসন,সেনাবাহিনী, পুলিশ,বিজিবি,র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নেওয়া এই সমন্বিত নিরাপত্তা উদ্যোগ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


















