রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির এস্কর্ট সেবা
- আপডেট: ০৪:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৮৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য এবং নগদ অর্থ ও মূল্যবান দ্রব্যের লেনদেন বৃদ্ধি পায়। এ সময় অধিক পরিমাণ অর্থ বা মূল্যবান সামগ্রী নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে সহায়তা দিতে বিশেষ এস্কর্ট সেবা দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যদি নগদ অর্থ বা মূল্যবান দ্রব্য পরিবহনে পুলিশের সহায়তা প্রয়োজন মনে করে, তাহলে তারা এই এস্কর্ট সেবা গ্রহণ করতে পারবেন। তবে সেবা গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে সেবা প্রত্যাশীদের সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কন্ট্রোলরুমের নম্বরসমূহ:
২২৩৩৮১১৮৮
০২৪৭১১৯৯৮৮
০২৯৬১৯৯৯৯
০১৩২০-০৩৭৮৪৫
০১৩২০-০৩৭৮৪৬
এ ছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করা যাবে।




















