পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির
- আপডেট: ০৪:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০৬৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমযাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রদলের রাজনীতি করতেন। একটি হলের পদধারি নেতা ছিলেন। ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশের এএসপি হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।
কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। এসপি হিসেবে একাধিক জেলায় পদায়ন পান। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসঙ্ঘ মিশনে যান। সেখানেও তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।




















