পবিত্র ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি পেল সরকারি চাকরিজীবীরা
- আপডেট: ০২:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৮১৫৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রতিবছর ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপ সামলাতে এবং সরকারি কর্মচারীদের পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপনের পর্যাপ্ত সুযোগ করে দিতে সরকার এ ধরনের বিশেষ পদক্ষেপ গ্রহণ করে থাকে। দীর্ঘ এই ছুটির ঘোষণা আসার পর পর্যটন খাতসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আরবি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।




















