ডাক্তার দেখানোর বেশে ইয়াবা বিক্রি, ক্রেতা সেজে নারী মাদক কারবারিকে ধরল ডিএনসি
- আপডেট: ১১:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৮০৭৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রির সময় ক্রেতা সেজে অভিযান চালিয়ে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন মাইজদী হাসপাতাল রোডে মেট্রো হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
একইদিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার।
গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম পান্না আক্তার (৪০)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের রসুলপুর (হাজী বাড়ি) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম ইব্রাহিম।
ডিএনসি সূত্র জানায়, মাইজদী হাসপাতাল রোড এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অবস্থান নেয়। এ সময় হাসপাতালে চিকিৎসক দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি করতে এলে ক্রেতা সেজে অভিযানে অংশ নেওয়া সদস্যরা পান্না আক্তারকে হাতেনাতে আটক করেন।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১৪ গ্রাম) এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত পান্না আক্তারের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

















