ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- আপডেট: ০৯:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৮০১৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের জাতীয় বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
শনিবার (১৪ মার্চ) বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন ও ইউনিটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক ব্রিফিং, র্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ কার্যক্রমের আওতায় ঢাকাসহ চট্টগ্রাম, যশোর, কক্সবাজার ও টাঙ্গাইলে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটিতে এয়ার অধিনায়কদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। একই সঙ্গে মৌলভীবাজার, শমশেরনগর ও বগুড়ায় অবস্থিত স্টেশন ও ইউনিটগুলোতেও সংশ্লিষ্ট অধিনায়কদের নেতৃত্বে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
আইএসপিআর আরও জানায়, কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থান পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্টদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট ঘাঁটি, স্টেশন ও ইউনিটের এয়ার অধিনায়ক ও অধিনায়কসহ বিমানবাহিনীর বিভিন্ন পদবির সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


















