ঈদকে সামনে রেখে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে ঢাকা রেঞ্জ পুলিশের অনলাইন সভা
- আপডেট: ১১:৪৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১৮০১৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকা রেঞ্জ পুলিশের উদ্যোগে এক বিশেষ অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি মহোদয়ের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপাররা অংশগ্রহণ করেন।
সভায় ডিআইজি ঢাকা রেঞ্জ আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনলাইন সভায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহমুদুল হাসান তালুকদার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ও টিআই অ্যাডমিন কিশোরগঞ্জ উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে জেলার সকল থানার অফিসার ইনচার্জরা যুক্ত ছিলেন।




















