জুলাই হত্যা মামলায় সাবেক কাউন্সিলর হাসু গ্রেফতার
- আপডেট: ১১:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা বলেন, হাসুকে আজকে আদাবর এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে থানায় রয়েছেন।
তাকে কি মামলায় গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই হত্যা মামলার সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এই কাউন্সিলরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলাকায় অপরাধের ত্রাস কায়েম করতেন কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসু। গত ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে গড়ে তুলেছিলেন ক্যাডার বাহিনী। আদাবর ও শ্যামলী এলাকায় অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল করার অভিযোগ রয়েছে হাসুর ক্যাডার বাহিনীর বিরুদ্ধে। এছাড়া সরকারি খাসজমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।



















