কোস্ট গার্ডের অভিযান:টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে নারী-শিশুসহ ৭ জন উদ্ধার
- আপডেট: ০২:২৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১৮০৬৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন নারী ও শিশুকে আটক রেখে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে গত সোমবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে আটক থাকা নারী ও শিশুসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মানব পাচার রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















