কক্সবাজারে অস্ত্রসহ ডাকাত আটক, জেলে উদ্ধার; পাচার রোধে কোস্ট গার্ডের সাফল্য
- আপডেট: ০৫:২৭:০১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় পৃথক চারটি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে ডাকাতদের হাতে জিম্মি থাকা তিন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এছাড়া মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক এবং নৌকাডুবির শিকার ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোট থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে সেটি আটক করে।
তল্লাশিতে বোট থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পাশাপাশি ডাকাতদের হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়।
এদিকে, একই রাতে পৃথক দুটি অভিযানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকা এবং কক্সবাজারের মহেশখালীর বাকখালী নদীর মোহনায় অভিযান চালানো হয়। কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও স্টেশন মহেশখালীর সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
অভিযানে দুটি ফিশিং বোট থেকে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। প্রথম বোট থেকে প্রায় ৫ হাজার লিটার ডিজেল, বিভিন্ন প্রকার লুব্রিকেন্ট, একটি ডিজেল ইঞ্জিন ও চারটি গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়।
দ্বিতীয় বোট থেকে ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারীকে আটক করা হয়।
অন্যদিকে, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ৯ বাংলাদেশিকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে ৮ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
পরবর্তীতে তাদের কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’-এর কাছে হস্তান্তর করা হয় এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



















