মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূলহোতা ‘মাওরা রুবেল’ গ্রেফতার
- আপডেট: ০৮:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে মাওরা রুবেলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বুধবার(০৬ মে) রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
একইদিন রাতে র্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মোহাম্মদপুর থানাধীন একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রুবেল ওরফে মাওরা রুবেলকে দেশীয় অস্ত্র সামুরাইসহ আটক করে র্যাব-২। তবে তার সাথে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর ও আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে।
গ্রেফতারকৃত আসামি আরও জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল গ্রেফতারকৃত আসামিসহ তার অন্যান্য সহযোগী কর্তৃক রাজধানীর আদাবর এলাকায় একজন ডেলিভারি ম্যানকে ভয় ভীতি দেখিয়ে ও মারধর করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়। সে ঘটনার সিসিটিভি ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।



















