লক্কর-ঝক্কর যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে ডিএমপি, নিয়ম না মানলে জরিমানা-ডাম্পিং
- আপডেট: ০৮:০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, ঝুঁকিপূর্ণ ও অনুপযোগী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনদুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (০৬ মে) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীতে চলাচলরত কিছু লক্কর-ঝক্কর বাস ও পণ্যবাহী যানবাহন প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে তীব্র যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত নীতিমালা অনুযায়ী বাস ও মিনিবাসের ইকোনমিক লাইফ ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছর। এই সীমা অতিক্রম করা যানবাহন রাজধানীতে না চালানোর জন্য সংশ্লিষ্ট মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।
এ নির্দেশনা অমান্য করলে জরিমানা, যানবাহন ডাম্পিংয়ে পাঠানোসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি। এ লক্ষ্যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে অভিযান জোরদার করা হবে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এ বিষয়ে যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।



















