আধুনিক ও দক্ষ বাহিনী গঠনে নেতৃত্ব উন্নয়নে আনসার-ভিডিপির বিশেষ প্রশিক্ষণ সমাপ্ত
- আপডেট: ০৬:২১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮০৩৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪ দিনব্যাপী “কমান্ড, লিডারশীপ এন্ড ম্যানেজমেন্ট” প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আনসার-ভিডিপি একাডেমি-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সমাপনী বক্তব্যে মহাপরিচালক বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, নেতৃত্বগুণ ও ব্যবস্থাপনা দক্ষতা বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক, দক্ষ ও গতিশীল বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতে মাঠপর্যায়সহ বিভিন্ন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দূরদর্শিতা ও নেতৃত্বের উৎকর্ষ প্রদর্শনের আহ্বান জানান।
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে বাহিনীর ১৫ জন পরিচালক ও ৭ জন উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
প্রশিক্ষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বিসিএসের বিভিন্ন ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কমান্ড, লিডারশীপ ও ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণ কর্মকর্তাদের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।




















