কিশোরগঞ্জে যানজট নিরসনে কঠোর অবস্থানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান
- আপডেট: ০৯:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কিশোরগঞ্জ শহরের তীব্র যানজট নিরসনে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় আয়োজিত এক কার্যক্রমে এ তথ্য জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের যানজট নিয়ন্ত্রণে লাইসেন্স ও নিবন্ধনবিহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, নির্ধারিত স্থানে পার্কিং নিশ্চিত করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানাও করা হচ্ছে।
বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপার নিজে কিশোরগঞ্জ মডেল থানায় উপস্থিত হয়ে আটককৃত অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলেন। তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং মানবিক বিবেচনায় প্রাথমিকভাবে আটক অটোরিকশাগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তবে ভবিষ্যতে শহরের মূল সড়কে অবৈধ অটোরিকশা চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
পুলিশ সুপার বলেন, “শহরকে যানজটমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আজ মানবিক কারণে ছেড়ে দেওয়া হলেও ভবিষ্যতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, শহরকে বাসযোগ্য ও যানজটমুক্ত রাখতে শুধু পুলিশি অভিযান নয়, চালকদের সচেতনতা এবং সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। কিশোরগঞ্জ পৌরসভার সঙ্গে সমন্বয় করে নতুন অটোরিকশার অনুমোদন বন্ধ এবং বিদ্যমান অটোরিকশাগুলোকে সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুস সারোয়ার। তিনি অটোরিকশা চালকদের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে বলেন, দীর্ঘসময় রোদ, ধুলাবালি ও একটানা বসে কাজ করার কারণে চালকদের কোমর, ঘাড় ও হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
জেলা পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এবং শহরের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















