মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১
- আপডেট: ০৬:৪৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ১৮০২১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিল হয়েছে। এ সময় খোকন গাজী নামের যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৮ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন গণভবন ক্রসিং মোড় এলাকায় এ মিছিল হয়।
বিকালে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল দলের উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ ঘটনাস্থলে অভিযান চালান।
এসময় মিছিল থেকে মো. খোকন কাজী (৪০) নামে এক যুবলীগ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকার মৃত সুলতান কাজীর ছেলে।
পুলিশ জানায়,গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়।
ব্যানারটিতে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি সংবলিত বিক্ষোভ মিছিল লেখা ছিল।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















