ক্রীড়া কূটনীতিতে বাংলাদেশ-তুরস্কের ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর
- আপডেট: ০৫:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে নতুন মাত্রা যোগ করে তুরস্ক প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে যুব উন্নয়ন, অ্যাথলেটদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়, এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকায়নে সহযোগিতা বৃদ্ধির পথ উন্মোচিত হলো।
বাংলাদেশের পক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং তুরস্কের পক্ষে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, দুই দেশ ক্রীড়া উন্নয়নে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের জন্য একটি কাঠামো গড়ে তুলবে। এর আওতায় উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞ পর্যায়ের সফর, ক্রীড়া ইভেন্ট ব্যবস্থাপনা, অর্থায়ন পদ্ধতি এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ক্রীড়া সুযোগ বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া কার্যক্রম এবং নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের ক্রীড়াঙ্গনে পারফরম্যান্স উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।



















