টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩
- আপডেট: ০৩:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৮০৬০
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কক্সবাজারের টেকনাফে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (৮ জুন ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (৭ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে ভেতরে গাঁজা পাওয়া যায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা জব্দ করা হয়।
এ ঘটনায় বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ প্রায় ২৭ কেজি।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















