নোয়াখালীতে আইনশৃঙ্খলা জোরদারে নবাগত পুলিশ সুপারের দিকনির্দেশনা
- আপডেট: ০৭:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওসিদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
নোয়াখালী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ থানার কার্যক্রম, বিদ্যমান চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার কর্মকর্তাদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর,অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান বেগমগঞ্জ সার্কেল এবং সহকারী পুলিশ সুপার মনীষ দাশ চাটখিল সার্কেলসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















