নোয়াখালীতে ট্রাফিক শৃঙ্খলা উন্নয়নে পুলিশ সুপারের মাঠপর্যায়ে পরিদর্শন
- আপডেট: ০৭:৩৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালী শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে মাঠপর্যায়ে কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টার দিকে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও যানজটপ্রবণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনার বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে যানজটের কারণসমূহ চিহ্নিত করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী ওঠানামাসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ট্রাফিক বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার।
জেলা পুলিশ সূত্র জানায়, নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
পুলিশ সুপার বলেন, “একটি সুশৃঙ্খল, গতিশীল ও যানজটমুক্ত নোয়াখালী গড়ে তুলতে জেলা পুলিশের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।”
জেলা পুলিশের এ উদ্যোগে নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



















