কুমিল্লা ধান গবেষণা ইনস্টিটিউটে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক ১
- আপডেট: ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
কুমিল্লা সদর উপজেলার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট-এ জোরপূর্বক প্রবেশের চেষ্টা ও ছুরি নিয়ে হামলার ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে প্রতিষ্ঠানের ২ নম্বর প্রবেশ গেইটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. আতিকুর রহমান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি জোরপূর্বক প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
প্রবেশের কারণ জানতে চেয়ে তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় ধারালো ছুরি বের করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
পরিস্থিতি বেগতিক দেখে আনসার সদস্য আতিকুর রহমান তাৎক্ষণিকভাবে পাশের ১ নম্বর গেইটে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আলামিন হোসেনকে সহায়তার জন্য ডাক দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পরে দুই আনসার সদস্যের যৌথ প্রচেষ্টায় হামলার চেষ্টা করা ব্যক্তিকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. ফরহাদ (৩২)। তিনি নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং নুরু মিয়ার ছেলে।
ঘটনার খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ পিসি নাসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে আটক ব্যক্তিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, আনসার সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে একটি সম্ভাব্য সহিংস ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



















