নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ
- আপডেট: ০১:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নারায়ণগঞ্জ সদর উপজেলার ধর্মগঞ্জ মোহনা এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ২টি ড্রেজার (গ্রাফ) ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ মোহনা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দুটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বক্তাবলী নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি উত্তোলনের ফলে ফসলি জমি ও আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে এবং পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















