একদিনে ১৪ কর্মকর্তাকে বদলি: পুলিশের ছয় কর্মকর্তাকে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি
- আপডেট: ০৮:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পুলিশের ছয় কর্মকর্তাকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে ঢাকা পুলিশ স্টাফ কলেজ থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমানকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একইভাবে আলোচিত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. আপেল মাহমুদকে ট্যুরিস্ট পুলিশ থেকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সুপার আ. ফ. ম. নিজাম উদ্দিনকে পুলিশ সদরদপ্তর থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে বিশেষ শাখা (এসবি) থেকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একইদিন অপর আরেক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদের মধ্যে- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে সিআইডিতে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া একই প্রজ্ঞাপনে গত ২৮ জুন জারি করা এক আদেশের সংশোধন করা হয়েছে। ওই আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনে ওই বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এছাড়া অন্য আরেক প্রজ্ঞাপনে পাবনার পুলিশ সুপারসহ আরও চার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পদায়ন করা হয়েছে।
আর বর্তমান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’কে সিআইডিতে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।



















