আটাব নির্বাচনে আইনি মোড়,আপিল বোর্ডের সিদ্ধান্ত ও ভোটার তালিকা বাতিল
- আপডেট: ০৯:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে সৃষ্ট আইনি জটিলতায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের নেওয়া একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেছেন এফবিসিসিআই সালিশ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২১ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান নাসরিন বেগম এবং সদস্য এ এস এম কামাল উদ্দিন ও ছায়েদ আহম্মেদের সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ মামলা নম্বর ৪/২০২৬ ও ৫/২০২৬-এর রায় দেন।
রায়ে আটাবের সদ্য সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ, সদ্য সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সাবেক সহসভাপতি জিয়াউর রহমান খান রেজোয়ান এবং সদ্য সাবেক উপমহাসচিব ইদ্রিস মিয়ার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ১২ জুন ২০২৬ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাও বাতিল ঘোষণা করা হয়েছে।
ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেন, ২০২৪–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি প্রশাসনিক আদেশে বাতিল হওয়ায় তা ‘মেয়াদ পূর্তি’ হিসেবে গণ্য হবে না। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ১৮(৪) বিধি প্রয়োগ করে অযোগ্য ঘোষণা করার আইনগত ভিত্তি ছিল না।
এ ছাড়া আপিল বোর্ডের শুনানি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের বিষয়ও রায়ে উঠে এসেছে। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, শুনানিতে অনুপস্থিত একজন সদস্যের স্বাক্ষর আদেশে সংযুক্ত করা হয়েছে, যা প্রাকৃতিক ন্যায়বিচার ও স্বচ্ছতার নীতির পরিপন্থী। এ বিষয়ে ‘He who hears must decide’—এই আইনি নীতিরও উল্লেখ করা হয়েছে।
ভোটার তালিকা নিয়েও অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে রায়ে উল্লেখ করা হয়। ট্রাইব্যুনালের মতে, বাতিল লাইসেন্সধারী ব্যক্তি, একই প্রতিষ্ঠানের একাধিক প্রতিনিধি এবং সাধারণ কর্মচারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও ৪৬ জন বৈধ সদস্যকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ কারণে ১২ জুন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকাকে বেআইনি ঘোষণা করে বাতিল করা হয়েছে।
ট্রাইব্যুনালের এ রায়ের পর আটাবের আসন্ন নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এখন নির্বাচন প্রক্রিয়া কীভাবে এগোবে এবং বাতিল হওয়া সিদ্ধান্তগুলোর পরবর্তী কার্যক্রম কী হবে, তা নিয়ে সংগঠনটির সদস্যদের মধ্যে আলোচনা চলছে।



















