জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ট্রাফিক স্কুলে রক্তদান কর্মসূচি
- আপডেট: ০৪:২২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন টিডিএসের প্রশিক্ষণ প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
টিডিএস প্রাঙ্গণে নবনির্মিত ‘স্বাধীনতা কর্নার’-এর সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাঙালি জাতির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। অন্যায়ের কাছে মাথা নত না করার যে চেতনা, তা এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে প্রকাশ পেয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণেই এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। সময়মতো রক্তদান করলে যেমন একজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব, তেমনি নিয়মিত রক্তদানকারীরও নানা স্বাস্থ্যগত উপকার হয়। তিনি সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশ সার্জেন্ট শিক্ষার্থীরা সার্বিক সহযোগিতা করেন। ট্রাফিক স্কুলের ৩৭তম নবায়ন কোর্সের প্রশিক্ষণার্থী, প্রশাসন ও প্রশিক্ষণ শাখার কর্মকর্তা-সদস্যসহ মোট ৯৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এ সময় পুলিশ সুপার লিপি সাহা, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার কুদরতি খোদা শুভ, সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার শাহীন, বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের চিকিৎসকসহ টিডিএসের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



















