কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ,৫ হাজার কেজির বেশি মাছ উদ্ধার,আটক ৬
- আপডেট: ০৬:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ১৮০১৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৭টি ট্রলিং জাল এবং ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ৬ জন জেলেকে আটক করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ৭টি ট্রলিং জাল, ৫ হাজার ১৯০ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ৬ জন জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, সামুদ্রিক মৎস্য দপ্তর, আগ্রাবাদের সামুদ্রিক উৎপাদন কর্মকর্তার উপস্থিতিতে ট্রলিং সরঞ্জাম অপসারণ ও ট্রলিং জাল ধ্বংস করা হয়। একই সঙ্গে মালিক পক্ষের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং মুচলেকা নিয়ে বোট ও জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জব্দ করা সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করে ৩ লাখ ৭৫ হাজার টাকা আদায় করা হয়। জরিমানার ৩ লাখ টাকাসহ মোট ৬ লাখ ৭৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















