পুলিশ কর্মকর্তার ওপর হামলা: তিন দিনের মাথায় ৪ আসামি গ্রেফতার
- আপডেট: ০৮:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাতের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানা যায়নি।
রবিবার (২৬ জুলাই) বিকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা চারজনকে আটক করে আমাদের হেফাজতে নিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’
গত বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিং এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন এসআই ওসমান গনি। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে বাজার করে ফেরার সময় পেছন থেকে এক দুর্বৃত্ত ওসমান গনির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধরার চেষ্টা করলেও পারেননি।
ঘটনার পর ওসমান গনি নিজেই বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাঁর পিঠে ৪৫টি সেলাই লেগেছে বলে জানা গেছে।
এর আগে পুলিশ জানিয়েছিল, হামলাকারীদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর–আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, এটি ছিনতাইয়ের ঘটনা নয়; পূর্বশত্রুতার জেরে হামলা হয়ে থাকতে পারে। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা গেলে হামলার প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার সিসিটিভি ফুটেজে হামলার আগে তিন যুবককে ওসমান গনির সঙ্গে কথা বলতে এবং পরে তাদের দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এখন আটক চারজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার কারণ ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।



















