ঢাকা-নারিতা রুট পুনরায় চালু, আর বন্ধ হবে না: বিমানমন্ত্রী
- আপডেট: ১২:৪২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১৮০৬০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট।
সরকারের প্রত্যাশা,এই রুট পুনরায় চালুর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য,বিনিয়োগ,শিক্ষা,পর্যটন এবং জনসম্পর্ক আরও শক্তিশালী হবে।
রবিবার (২৬ জুলাই) দিনগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা রুটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) একথা বলেন।
মন্ত্রী বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না।
আমরা বিশ্বাস করি, এবার ঢাকা-নারিতা রুট লাভজনক হবে। উদ্বোধনী ফ্লাইটের সব আসন বুকিং হয়েছে।
শুধু তাই নয়, ফিরতি ফ্লাইট এবং পরবর্তী কয়েকটি ফ্লাইটেরও অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে। জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এ রুট চালু হওয়ায় ব্যাপক উৎসাহ দেখা গেছে।
তিনি বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বাড়বে। জাপানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
আফরোজা খানম বলেন, সরকার আন্তর্জাতিক রুট সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। যাত্রী চাহিদা, প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজন এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ভবিষ্যতে নতুন নতুন আন্তর্জাতিক রুট চালুর উদ্যোগ নেওয়া হবে। কোনো সম্ভাবনাময় আন্তর্জাতিক রুট বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক সংস্থায় পরিণত করতে সরকার বহর সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।
তিনি জানান, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৫০টি উড়োজাহাজে উন্নীত করা।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা, জাপান দূতাবাসের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অলাভজনক হওয়ায় ২০২৫ সালের ১ জুলাই অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর পুনরায় চালু হওয়া এ রুটকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




















