ভাড়া বাসায় তৈরি হতো টাকা,সিটিটিসির অভিযানে কথিত টাকশালের দুই কারিগর গ্রেফতার
- আপডেট: ০৫:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কদমতলী থানার পলাশপুর এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপিয়ে বাজারে ছেড়ে আসছিলো একটি চক্র। কথিত সেই টাকশালে হানা দিয়ে বিপুল পরিমাণ সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
গ্রেফতারকৃতদের হলো – মো. শাহাব উদ্দিন (৪৩) ও হাজেরা আক্তার ঋতু (৩০)।
গতকাল রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের একটি টিম তাদের গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, কদমতলী থানার পলাশপুর গ্যাস রোডের ৫ নম্বর গলিতে অবস্থিত একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাতে-নাতে জাল টাকা প্রস্তুতের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ লাখ ৫৮ হাজার টাকার জাল টাকা, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত বিশেষ ডাইস, বিশেষ রঙ, সিকিউরিটি থ্রেডযুক্ত কাগজসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা কয়েক বছর ধরে ওই বাসা ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে আসছিল। উৎপাদিত জাল টাকা তারা নিজেরা এবং তাদের সহযোগীদের মাধ্যমে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার জনবহুল হাট-বাজার ও শপিং মলে সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মূলহোতা মো. শাহাব উদ্দিনের বিরুদ্ধে ডিএমপির রমনা, তেজগাঁও ও মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পূর্বের পাঁচটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন এবং একই সঙ্গে জাল টাকা প্রস্তুতকারী চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিটিটিসির অভিযান অব্যাহত রয়েছে।



















