মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
- আপডেট: ০১:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। বস্তু দুটি বিস্ফোরক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক সাংবাদিকদের বলেন, একই সময়ে মিরপুর ও তেজগাঁও এলাকায় বোমা পাওয়ার খবর এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে তাদের দল কাজ করছে।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, দুপুরের দিকে তারা খবর পান। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে যায়। তিনি বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কি না। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।’
এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি সন্দেহজনক মনে হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।













