সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকার আগ্রহ এফবিআইয়ের
- আপডেট: ০৬:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৮০০৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সাইবার অপরাধ দমন,প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আর্থিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও সাইবার স্ক্যাম প্রতিরোধেও বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাইলে পামারট্রি।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে এফবিআইয়ের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইজিপি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















