বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি
- আপডেট: ১১:৩৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৮০০৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় সারা দেশের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শুক্রবার (৭ আগস্ট) রাতে এ সংক্রান্ত বেতারবার্তা ও ম্যাসেজ সারাদেশের পুলিশের ইউনিটগুলোতে পাঠিয়ে রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২ আগস্ট পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করেছিল পুলিশ সদরদপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, মূলয় গোপন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
এদিকে পুলিশের একটি গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকালে এনক্রিপটেড যোগাযোগমাধ্যম Element-এর একটি সিক্রেট গ্রুপে উগ্রবাদী সংগঠন নাজমুল হাসান মামুন অরফে বোমারু মামুন গ্রুপের সদস্য ইবনে ইব্রাহিম ওরফে সজীব বিস্ফোরণের ইমোজিসহ একটি ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন। বার্তাটির ভাষ্য ও ব্যবহৃত ইমোজি বিশ্লেষণ করে সম্ভাব্য বিস্ফোরণ বা নাশকতার ইঙ্গিত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ তথ্যের পরিপ্রেক্ষিতে পুলিশ সদরদপ্তর, ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) অন্যান্য ইউনিটগুলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে।
পুলিশ সূত্র বলছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর আহ্বান জানানো হয়েছে।



















