নোয়াখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সর্বোচ্চ সতর্কতা: পুলিশ সুপার
- আপডেট: ০৮:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
নোয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলার জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত কার্যক্রম, সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং জননিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন।
অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর (পিপি)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



















