ফরিদপুরে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও জখমী সনদ নিয়ে আলোচনা
- আপডেট: ০৫:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০২৮
এম এ মুঈদ হোসেন আরিফ :
ফরিদপুরে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো. সেলিম রেজার সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার।
কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই ফরিদপুরের প্রতিনিধি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের উপপরিচালক, পাবলিক প্রসিকিউটর, ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেল সুপার, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সিআইডি ও ডিবির অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা।
কনফারেন্সে ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিগত পাঁচ বছরের মামলার নিষ্পত্তির পরিসংখ্যান উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি আদালতের বিভিন্ন মামলায় ওয়ারেন্ট তামিলের হার এবং যথাসময়ে জখমী সনদ প্রাপ্তির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা পর্ব। এতে ফৌজদারি মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে উদ্ভূত সমস্যা, মামলার তদন্ত ও নিষ্পত্তির ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তা এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশ, আদালত, চিকিৎসা বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং আইনজীবীদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার সংশ্লিষ্ট সব দপ্তরের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে বিচার বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।




















