বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
- আপডেট: ০২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় প্রশিক্ষণ কর্মসূচি, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার অংশীদারত্ব আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইএসপিআর আরও জানায়, প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান। পাশাপাশি তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যকার পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাপ্রকাশ করেন।



















