জাতিসংঘ মিশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত নৌসদস্যের সামরিক মর্যাদায় শেষকৃত্য
- আপডেট: ০৯:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার শেষকৃত্য সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া গ্রামে বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।
নৌবাহিনী জানায়, গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েন বাংলাদেশ ফোর্সেস মিশন ইউনিট-১১ (ব্যানএফএমইউ-১১)-এ দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ট্রোম্যান খীসা। পরে ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধানও শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ ঢাকার বিমানবন্দরে আনা হয়। পরে মরদেহ নেওয়া হয় তার পৈতৃক নিবাস রাঙ্গামাটিতে। সেখানে সোমবার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তার আত্মার শান্তি কামনা করা হয়।
শেষকৃত্যে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ ও মেডেল তুলে দেওয়া হয়।
ট্রোম্যান খীসা ১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার রামহরিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালের ১ জুলাই তিনি বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন।
তার মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী প্রধান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



















