সাবেক ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল,শুক্রবার রাজারবাগে জানাজা
- আপডেট: ০৯:২৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো. হুমায়ুন কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
পুলিশের সদরদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে দশম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় মো. হুমায়ুন কবির ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি পড়াশোনায় ফিরে যান এবং ১৯৭২ সালে এসএসসি পাস করেন। পরে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ফৌজদারহাট ক্যাডেট কলেজে গণিতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন হুমায়ুন কবির। এরপর ১৯৮৫ সালে সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেন। ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
কর্মজীবনে তিনি রাঙামাটি ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশ, ঢাকা রেঞ্জ ও বরিশাল রেঞ্জে দায়িত্ব পালন করেন।
রাঙামাটি জেলার পুলিশ সুপার থাকার সময় তিনি ৪০ একর জমিতে ‘সুখীনীলগঞ্জ’ নামে বন সৃজন করেন। এ উদ্যোগ জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার লাভ করে। সে সময় তাকে বিভিন্ন সংবাদপত্রে ‘বৃক্ষপ্রেমী পুলিশ কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করা হয়।
হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি দেশের ৩১টি হাইওয়ে আউটপোস্টের জন্য প্রায় ৩০ একর জমি বিনা মূল্যে সংগ্রহ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই জমির আনুমানিক মূল্য ছিল প্রায় ৩০০ কোটি টাকা।
২০১৬ সালে বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান হুমায়ুন কবির।
মৃত্যুকালে মো. হুমায়ুন কবির স্ত্রী ও তিন কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।



















