মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে আরও আন্তরিকভাবে কাজের নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
- আপডেট: ১০:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের আওতাধীন সিলেট হাইওয়ে সার্কেল অফিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি কল্যাণ সভায় অংশ নেন। সভায় তিনি হাইওয়ে পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান এবং সংশ্লিষ্টদের সমাধানের আশ্বাস দেন।
ফারুক আহমেদ বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে দায়িত্ব পালনে সবাইকে আরও আন্তরিক হতে হবে। একই সঙ্গে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের পরিশুদ্ধ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় অতিরিক্ত আইজিপি সিলেট হাইওয়ে সার্কেল অফিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি পরিদর্শন নোটে প্রয়োজনীয় নির্দেশনা ও মন্তব্য লিপিবদ্ধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু অতিরিক্ত আইজি) তারিক লতিফ, হাইওয়ে সিলেট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরী, সিলেট রিজিয়নের আওতাধীন বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
কল্যাণ সভা শেষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা প্রাঙ্গণে একটি রামবুটান গাছের চারা রোপণ করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।



















