রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট: ০৩:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে উৎপাদন ব্যাহত করার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কিছু মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কারখানা বন্ধ রাখতে উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু এলাকায় যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, তা অনেক ক্ষেত্রেই শ্রমিকদের দাবি-দাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। কোনো কোনো মহল রাজনৈতিক হীন উদ্দেশ্যে উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শ্রমিকদের দাবি-দাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকেরা এতে সন্তুষ্ট হয়েছেন। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তুষ্ট বলে জানান তিনি।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় রেখে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা মজুরি বোর্ডেই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধের চেষ্টা করছে কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।



















