লালবাগে ঝটিকা মিছিল, অর্থ জোগানদাতা সাবেক আ. লীগ নেতা গ্রেফতার
- আপডেট: ১২:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ১৮০০২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিলের আয়োজন,অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-প্রচার সম্পাদক মোস্তফা আহমেদ জুয়েলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে লালবাগ থানাধীন পিলখানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন এ তথ্য জানান।
মোহাম্মদ জামিল হোসেন বলেন,গত ১৩ নভেম্বর দুপুর দেড়টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্র করে রাষ্ট্রবিরোধী একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার মোস্তফা আহমেদ জুয়েল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক। তিনি ওই মিছিলের অন্যতম প্রধান আয়োজক, অর্থের জোগানদাতা ও সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।



















