আ.লীগ পুনর্বাসনে ‘জানবাজি রেখে মাঠে নামা’র বার্তা:রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার পুলিশ সুপার জাহাংগীর সাময়িক বরখাস্ত
- আপডেট: ০৫:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৮০০৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ডিসেম্বরের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ জন্য ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



















