জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সততা ও দায়িত্বশীলতা জোরদার করার আহ্বান: পুলিশ সুপার ফরহাদ হোসেন
- আপডেট: ০৪:০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮১১৭
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বুধবার (৫ নভেম্বর) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জসীম উদ্দীন চৌধুরী।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেফতারি পরোয়ানা তামিল,স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সততা,পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং সকল কর্মকর্তাকে কার্যক্রম আরও বেগবান করার নির্দেশনা প্রদান করেন।
সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।




















