মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ইউরিয়া সারসহ বোট জব্দ
- আপডেট: ১২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৮১২৮
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৪ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজার থানাধীন লাবণী বীচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট ও ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।




















