নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে: মহাপরিচালক
- আপডেট: ০৩:৫০:১১ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার(০৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুরের বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর আয়োজন করেছে। নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন থাকবে। ইতোমধ্য এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদী বেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, কোস্ট গার্ড সদস্যগণ ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহের সর্বমোট ৩৯ টি ভোটকেন্দ্রে নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে। একই সাথে অস্ত্র উদ্ধার অভিযান এবং দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোট বান্ধব পরিবেশ সৃষ্টিতে কোস্ট গার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এছাড়াও উপকূলীয় ও নদী তীরবর্তী দূর্গম এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে কোস্ট গার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে ইনশাল্লাহ।


















